যতদুর মনে পড়ে বাংলাদেশে আত্মঘাতী হামলার খবর এর আগে পড়িনি কখনো। কিন্তু ইদানিং বেশ কয়েকটি এরকম চাঞ্চল্যকর খবর পড়ে বা দেখে মনে হচ্ছে আসলে বাংলাদেশ এখন আর আমাদের সোনার বাংলা নেই।আফগানিস্থান বা পাকিস্থানের মত অস্থীতিশীল কোন দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ।অনেকেই মনে করতে পারে
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা নিয়ে এত ভাবনার কি আছে। সরকারও যদি এটা ভেবে বসে থাকে তাহলে হয়তো সত্যি আমাদের সোনার এই বাংলাদেশ একদিন আফগানিস্থান, পাকিস্থান বা সিরিয়ার মত হয়ে যাবে।আজ (১৮/০৩/২০১৭) খিলগাওয়ে র্যাব কে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে যেখানে হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রাজধানীর আশকোনায় র্যাবের প্রস্তাবিত সদর দফতরে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। সেখানে আত্মঘাতী হামলাকারীর দেহ খন্ড বিখন্ড হয়ে গেছে। দুই জন র্যাব সদস্য গুরুত্বর আহত হয়েছে। তারও আগে চট্রগ্রামের সীতাকুন্ডে আত্মঘাতী হামলা চালানো হয়েছে যেখানে কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।
তাছাড়া গেল বছরে হলি আর্টিজেন, শোলাকিয়ার মত ঘটনাই পুরো জাতিই শুধু স্তব্ধ হয়নি বরং পুরো পৃথিবীকেই নাড়িয়ে গেছে এসব ঘটনা।যদিও সরকার বাংলাদেশে আই এস নেই বলে প্রচারণা চালাচ্ছে। আইএস কিন্তু একটির পর একটি ঘটনার দায় স্বীকার করে যাচ্ছে। ঘটনাটি আই এস ঘটাক বা অন্য কেউ ফলাফল তো হতে পারত বিধ্বংসী। এ রকম ঘটনা চলতে থাকলে অন্যান্য জঙ্গি গোষ্ঠীও আত্মঘাতী হামলা চালাতে উৎসাহ পাবে।যে চাবুকের আঘাত সহ্য করেছে তার কাছে হয়ত সুইয়ের খোচা তেমন কিছু নয়। কিন্তু যে কখনো আঘাতই সহ্য করেনি তার কাছে সুইয়ের খোচা বেজায় কষ্টের। বাংলাদেশ এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হয়েছে কিনা আমি জানিনা। কিন্তু আত্মঘাতী এই হামলার এই সাম্প্রতিক ঘটনাবলী অবশ্যই বাংলার শান্তিকামী মানুষের মনে সংশয়ের আবরণ টেনে দিয়েছে।
সাউথ এশিয়ান টেরোরিজম পোর্টাল (এসএটিপি) এর এক জরীপে উঠে এসেছে ২০০৯ থেকে ২০১৬ এর জুলাই মাস পর্যন্ত জঙ্গি হামলায় কম্পক্ষে ৩৬০ জন লোক নিহত হয়েছে যার অধিকাংশই বেসামরিক লোক। জঙ্গি সন্দেহে হত্যা করা হয়েছে আরো ২৪৩ জন কে। এসএটিপির তথ্য মতে ২০১৩ সালে সব থেকে বেশি হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে। ২০১৩ সালেই ২৪৬ জন বেসামরিক ও নিরাপত্তা রক্ষাকারীর বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং ১৩৩ জন হামলা কারী নিহত হয়েছে।গত ১১ বছরে জঙ্গি হামলায় নিহত হয়েছে প্র্রায় ৩১৩ জন যার অধিকাংশই বেসামরিক নাগরিক।
স্বাধীন বাংলাদেশে প্রথম জঙ্গি হামলার ঘটনা ঘটে যশোর টাউন হল ময়দানে উদীচী শিল্পী গোষ্ঠির সম্মেলনে। ১৯৯৯ সালের ৬ই মার্চ রাতের এই ভয়াবহ হামলায় মারা যায় ১০ জন। আহত হয় প্রায় ২০০ নর- নারী। এই প্রথম দেখল জাতি জঙ্গি হামলার ভয়াল রূপ।তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দেশব্যাপি ৬৩ জেলায় একযোগে বোমা হামলার ঘটনা।
তবে এসব ঘটনাই দেখা গেছে জঙ্গি বা সন্ত্রাসীরা হামলা করেছে। মানুষ হত্যা করে বা ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। কিন্তু বাংলাদেশ এবার দেখল আত্মঘাতী হামলা। যেটি সন্ত্রাসী হামলার চরম রূপ।এজন্যই জনমনে আতংক বেশি। আজ র্যাব সদর দফতরে হামলা হয়েছে। কাল হয়ত বা ট্রেনে বা বাসে আত্মঘাতী হামলা চালানো হবে। ঝরে পড়বে শত শত লাশ। খালি হবে শত শত মায়ের বুক। অসম্ভব কিছুই নয়। তবে এখনই আমাদেরকে জঙ্গি বাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমার কাছে মনে হয়েছে শুধু মাত্র গ্রেফতার বা সার্চ অভিযান চালিয়েই এদেরকে নিষ্ক্রিয় করা যাবে না। এদের ভয়াল থাবা থেকে জনগণকে বাচাতে হলে বুদ্ধি দিয়েে এদের সাথে লড়তে হবে। শক্তি সব সময় সফলতা বয়ে আনে না। তাই এসব সন্ত্রাসীদেরকে রুখে দিতে বুদ্ধির খেলা খেলতে হবে সরকারকে।অন্যথায় দেশ আফগানিস্থান, পাকিস্থান, ইরাক, ইরান বা সিরিয়ার মত ভয়াবহ হামলার শিকার হবে।
